প্রকাশিত: Tue, Feb 28, 2023 11:05 AM
আপডেট: Fri, Jun 5, 2026 12:53 AM

সংগঠন কি দেশের আইনের ঊর্ধ্বে বা তারা সাংগঠনিক সিদ্ধান্ত নিলে তার কোনো মূল্য আছে?

কাজী এম মোরশেদ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের জন্য তিনটা তদন্ত কমিটি করা হয়। একটা বিচারবিভাগীয় কমিটির, একটা বিশ্ববিদ্যালয় কমিটির, একটা হল কমিটির। হল কমিটির তদন্তে পাঁচ নির্যাতককে ১ মার্চ দুপুর ১২টার মধ্যে হল খালি করতে বলেছে। তাদের অন্য কোনো হলেও রাখা যাবে না। বিশ্ববিদ্যালয় কমিটির তদন্ত রিপোর্ট উপাচার্যের টেবিলে উনি ৪ তারিখ ফিরলে দেখা হবে। বিচারবিভাগীয় কমিটি উচ্চ আদালতে জমা দেবেন। এই তিন কমিটির বাইরে আরেক কমিটি যেটা ছাত্রলীগের কমিটি। তারা কেন্দ্রীয় বডিকে রিপোর্ট দিয়েছে। সেখানেও দোষী পাওয়া গেছে। যা ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, তবে এটা সম্ভবত শেষ ঘটনা না। ছাত্র সংগঠন নিজ দলীয় নেতাদের নিয়ন্ত্রন করতে পারছে না। সমস্যা সেটা না, আমি যা সমস্যা দেখি, বিচারবিভাগীয় এবং বিশ্ববিদ্যালয় কমিটির বাইরে ছাত্রসংগঠনের তদন্ত কমিটির কি দরকার ছিলো? 

সংগঠন কি দেশের আইনের ঊর্ধ্বে বা তারা সাংগঠনিক সিদ্ধান্ত নিলে তার কোনো মূল্য আছে? এটা সংগঠনের ইস্যু না, এটা একটা ফৌজদারি অপরাধ বিষয়ক ইস্যু। আমাদের দেশে আইন আদালত থাকতে এই যে বিভাগীয় তদন্ত কমিটি বা সাংগঠনিক তদন্ত কমিটি হয়, এই কালচার বন্ধ করা দরকার। এতে বিচার বিভাগ প্রভাবিত হতে পারে। বিচার বিভাগ যে প্রভাবিত করা যায়, যার সহজ উদাহরণ আবরার ফাহাদ হত্যা, বিশ্বজিৎ হত্যা। বিভাগীয় তদন্তের উদাহরণ দিলাম না, কারণ মামলাই করতে দেওয়া হয়নি, মৃদু ভর্ৎসনা করে অন্য বিভাগে পোস্টিং দেওয়া হয়েছে।